Daily Amader ShomoyReport

উত্তপ্ত গরমে ইবি ক্যাম্পাসের আনসার সদস্যদের মানবেতর জীবন

Inhuman Life of Ansar Members on IU Campus in Scorching Heat

Inhuman Life of Ansar Members on IU Campus in Scorching Heat

Newspaper clipping of this piece
As printed in Daily Amader Shomoy. Tap the photo to enlarge.

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে দায়িত্বরত আনসার সদস্যদের জীবনযাপন অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে। দিনরাত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করলেও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মোট ৯৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে কুষ্টিয়া জোনের ৫০ জন এবং ঝিনাইদহ জোনের ৪৪ জন। তারা প্রধান ফটক, লালন শাহ হল সংলগ্ন পকেট গেট এবং শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পকেট গেট এই তিনটি গুরুত্বপূর্ণ ফটক সহ বিভিন্ন হল গেইটে নিয়মিত রুটিন-ওয়ার্ক দায়িত্ব পালন করেন।

সম্প্রতি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দুইটি পকেট গেটে নতুন করে আনসারদের জন্য কক্ষ তৈরি করা হলেও সেখানে নেই কোনো বিদ্যুৎ সংযোগ। ফলে লাইট বা ফ্যানের সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় গরমে অতিষ্ট তারা।

সরেজমিনে দেখা গেছে, প্রধান ফটকে নিরাপত্তা কক্ষে বিদ্যুৎ সংযোগ থাকলেও একটি ছোট ফ্যান রয়েছে, যা অচল অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে, নিচ দিয়ে ড্রেনের পানি প্রবাহিত হয়। অধিকাংশ জানালার কাচ ভাঙা, যা নিরাপত্তা ও বসবাস, দুই দিক থেকেই ঝুঁকিপূর্ণ।

কুষ্টিয়া জোনের আনসারদের ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিচতলায় অবস্থিত। সেখানে বসবাসের পরিবেশ অত্যন্ত নাজুক। অধিকাংশ ফ্যান নষ্ট, একটি কক্ষে কোনো জানালাই নেই এবং ৪টি ফ্যানের স্থানে মাত্র ১টি, সেটিও প্রায় অচল। অন্য একটি কক্ষে এক সুইচে ৪ থেকে ৫টি ফ্যান পরিচালিত হয়। আরেক কক্ষে ৪টির মধ্যে ৩টি ফ্যানই অচল। এই ক্যাম্পে প্রস্রাবের কোনো আলাদা ব্যবস্থা নেই। পায়খানার জন্য কেন্দ্রীয় মসজিদের টয়লেট ব্যবহার করতে হয়। বৃষ্টি হলে কমান্ডারদের থাকার রুমে পানি ঢুকার অভিযোগও রয়েছে।

ঝিনাইদহ জোনের আনসার সদস্যদের ক্যাম্প মীর মুগ্ধ সরোবর সংলগ্ন এলাকায় অবস্থিত। সেই ক্যাম্পেও বৃষ্টি হলে ভিতরে পানি ঢুকে, বসবাসের জন্য অনুপযুক্ত বলে অভিযোগ করেন আনসার সদস্যরা।

একাধিক আনসার সদস্য জানান, প্রতিদিন দীর্ঘ সময়, অনেক সময় প্রায় ১৮ ঘণ্টা ডিউটি শেষে আনসার সদস্যদের জন্য পর্যাপ্ত বিশ্রাম বা ঘুমের পরিবেশ নেই। এতে তাদের শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ছে, যা সরাসরি নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। নতুন দুই গেইটে (লালন ও আজিজ হল সংলগ্ন) ছোট করে বসার জায়গা তৈরি করে দিলেও কোনো ফ্যানের ব্যবস্থা নাই। গরমে নাভিশ্বাস, সামনে তো আরও গরম পড়বে। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ।

লালন শাহ হল সংলগ্ন পকেট গেটে দায়িত্বে থাকা এক আনসার সদস্য বলেন, ‘বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হলে আমাদের কষ্ট অনেকটাই কমতো। রাতের অন্ধকারে ডিউটি করা খুবই কঠিন। রাতে অন্ধকার, দিনে গরম।’

প্রধান ফটকে ডিউটিরত এক আনসার সদস্য জানান, ‘গত শনিবার নিরাপত্তাকর্মী আশরাফ কয়েকদিনের দিনের মধ্যে ফ্যান লাগানোর আশ্বাস দিয়েছেন।’

প্রশাসনিক উদাসীনতার অভিযোগ করে সহকারী কমান্ডার আকমল হোসেন বলেন, ‘৩ থেকে ৪ মাস আগে এক সহকারী প্রক্টর বরাত একটি ফাইল ট্রেজারারের মাধ্যমে প্রকৌশল অফিসে পাঠান। আমাদের আশ্বস্ত করা হয়েছিল ফ্যানগুলো ঠিক করে দেওয়া হবে। কিন্তু ফাইলটি এখনো প্রকৌশল অফিসেই পড়ে আছে, কোনো কাজ হয়নি।’

কুষ্টিয়া জোনের কমান্ডার মাহবুব বলেন, ‘১৮ ঘণ্টা ডিউটির পর একজন মানুষের বিশ্রামের ন্যূনতম পরিবেশও এখানে নেই। পকেট গেটের কক্ষগুলোতে কোনো ফ্যান বা লাইট নেই, সরাসরি রোদ পড়ে। সারাদিন-সারারাত গরমে কষ্ট করতে হয়, মশার উপদ্রবও প্রচুর। প্রশাসন যেভাবে অন্যান্য কাজে আন্তরিক, ঠিক আমাদের প্রতিও আন্তরিকতা দেখাবে বলে বিশ্বাস করি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘মূলত এগুলো তদারকি করছেন নিরাপত্তাকর্মীদের একটি শাখা। তারা লিখিত আবেদন করলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সহযোগিতা করতে পারি।’

প্রকৌশল অফিসে যোগাযোগ করা হলে প্রধান প্রকৌশলী এ. কে. এম. শরীফ উদ্দিন জানান, “আমরা প্রস্তাবিত ফাইল তৈরি করে অর্থ ও হিসাব বিভাগে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে অর্থ অনুমোদন হয়ে আসলে কাজ করা যাবে।”

ফাইলের আপডেট জানতে অর্থ ও হিসাব বিভাগে গেলে তারা ফাইল রিসিভ করার তথ্যপ্রমাণাদি দেখাতে পারলে বর্তমানে ফাইলটি খুঁজে পাচ্ছেন না বলে জানান।

এব্যাপারে পরিচালক আনার পাশা বলেন, “আমরা ফাইলটি প্রকৌশল অফিস থেকে ৫ মাস আগে (১ নভেম্বর ২০২৫) রিসিভ করেছি। কিন্তু এখন ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইলটি খুঁজে না পেলে আবারও প্রকৌশল অফিসে যোগাযোগ করবো পুনরায় তৈরি করে দেয়ার জন্যে।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি আমার নলেজে ছিল না। প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি যাতে দ্রুত কাজ শেষ করা হয়।”