Daily Ittefaq

প্রবীণরা অবহেলার স্বীকার না হোক

The Elderly Must Not Be Neglected

The Elderly Must Not Be Neglected

মানুষের জীবনকালের একটি বড় অংশ জুড়ে রয়েছে বার্ধক্যের সময়। বিশ্বের অধিকাংশ দেশগুলোতে ৮০ বছরের বেশি বয়সকে বার্ধক্যের সময় ধরা হলেও বাংলাদেশে ৬০ বছরের অধিক বয়সকে বার্ধক্যের সময় ধরা হয়। বাংলাদেশ সরকারের হিসেবে, বর্তমানে দেশে ১ কোটি ৫০ লাখের অধিক প্রবীণ রয়েছে। যেটির সংখ্যা ২০২৫ এ ১ কোটি ৮০ লাখ এবং ২০৫০ এ ৪ কোটি ৫০ লাখ ছাড়াবে। বার্ধক্য হলো সেই সময়, যে সময় থেকে মানুষের শারীরিক দুর্বলতা এবং রোগব্যাধি মানুষকে মারাত্মক ভাবে গ্রাস করে এবং তাদের পক্ষে একা চলা বা একা সব কাজ করা সম্ভব হয়ে উঠে না আর। ফলে তাদের যত্নে, দেখাশোনায় সর্বদা কারো সহযোগিতার প্রয়োজন হয়। বার্ধক্যতে একজন ব্যক্তির পক্ষে আর কঠিন পরিশ্রমের কাজ করা সম্ভব হয়ে উঠে না। যার দরুণ তাদের উপার্জন করা ছেড়ে দিতে হয়। বার্ধক্য কালে শরীরে দেখা দেয় নানা রোগ, মাংসপেশির দুর্বলতা, রক্তচাপ, কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের শক্তি ও সবলতা। এছাড়াও এই বয়সে ডিপ্রেশন, স্মৃতিহারা সহ ইত্যাদি মানসিক সমস্যা দেখা দেয়। প্রবীণ বয়সে অনেকেই নিজের সঙ্গী বা সঙ্গিনী কে হারিয়ে মানসিকভাবে ভেঙ্গে পরে। বার্ধক্য কালে অনেকেই অভাবের তাড়নায় ভারী ও কঠিন কাজ করে থাকে। যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। এছাড়া এই বয়সে পরিবার থেকে অবহেলার স্বীকারও হয়ে থাকে অনেক বৃদ্ধরা। অনেকে সঠিক চিকিৎসার অভাবে অসুস্থতায় দিন যাপন করে থাকে। তাদের এই বয়সে নিয়মিত মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করা অতিব গুরুত্বপূর্ণ। তাদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় কাউন্সিলিং এবং তাদের সকল সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া উচিত। প্রবীণ বয়সে অনেকেই সন্তান না থাকাতে বা সন্তানদের অবহেলার কারণে থাকেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে অবহেলায়, অনাদরে, পুষ্টিকর খাদ্যের অভাবে, প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে এবং একাকীত্বে দিনযাপন করতে হয় তাদের। এছাড়াও সরকার থেকে বয়স্কদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। তাই প্রবীণ বা বয়স্কদের সুরক্ষায় এবং যত্নে আমাদের সকলের একইসাথে কাজ করতে হবে। প্রবীণদের সাথে সহানুভূতিপূর্ণ এবং আদরপূর্ণ সম্পর্ক রক্ষা করা প্রয়োজন। প্রবীণদের কল্যাণে সরকারের উচিত বয়স্ক ভাতা বৃদ্ধি করা এবং তাদের জন্য সরকারি মেডিকেল গুলোতে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। প্রতিটি বৃদ্ধাশ্রমে সরকারি অনুদান দেওয়া এবং বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এছাড়া প্রতিটি পরিবারকে তাদের প্রতি যত্নবান ও সহানুভূতিশীল হতে হবে। তাদের নিয়মিত দেখাশোনা করা, প্রয়োজনীয়তা পূরণ করা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। প্রবীণদের জন্য বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা উচিত। বিভিন্ন স্কুল, কলেজ, সমাজকল্যাণ কেন্দ্র এবং অন্যান্য স্থানে প্রবীণদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা্র আয়োজন করা উচিত। অনেক প্রবীণ ব্যক্তি শারীরিক, মানসিক বা আর্থিক নির্যাতনের শিকার হোন। এই ধরণের নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। প্রবীণদের সন্তানের অবহেলায় শাস্তির যে বিধান রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করা এবং শাস্তির পরিমাণ বৃদ্ধি করা। প্রতি বছর ০১ লা অক্টোবর, বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের সুরক্ষায়, যত্নে ও অধিকার রক্ষায় বিশেষভাবে গণ সচেতনতা গড়ে তোলা উচিত, যাতে অবহেলিত না হয় একজনও প্রবীণ।