Daily Share Biz

সমস্যায় পরিপূর্ণ ইসলামী বিশ্ববিদ্যালয়

Islamic University Full of Problems

Islamic University Full of Problems

আয়তনে বাংলাদেশের সপ্তম বৃহত্তম এবং স্বাধীনতার পর স্থাপিত বাংলাদেশের সর্বপ্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। স্থাপিত হওয়ার ৪৪ বছরেও অসংখ্য সমস্যায় জর্জরিত ইবি। বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ যেন শেষ হতে চায় না। শিক্ষার্থীদের অভিযোগ এবং বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার মধ্যে কিছু সমস্যা তুলে ধরা-

১। ক্যাফেটেরিয়াঃ ইবির ক্যাফেটেরিয়া বন্ধ আছে আজ প্রায় এক বছর ধরে। সীমিত আসন, অসুন্দর ডেকোরেশন, খাবারের নিম্নমান, খাবারের অতিরিক্ত দামসহ ইত্যাদি সমস্যায় পূর্ণ ইবির ক্যাফেটেরিয়া। সর্বশেষ ঠিকাদার জটিলতার কারণে বন্ধ হয় এটি।

২। গ্রন্থাগারঃ ক্লাস চলাকালীন ব্যতীত গ্রন্থাগার বন্ধ রাখা, অপর্যাপ্ত আসন, ধীরগতি সম্পন্ন ইন্টারনেট, ই-লাইব্রেরী না থাকা, বইয়ের ঘাটতি সহ নানা সমস্যায় শিক্ষার্থীদের অভিযোগের তালিকায় ইবির গ্রন্থাগার।

৩। ফোয়ারাঃ প্রায় ৩ বছরের অধিক সময় ধরে বন্ধ আছে ইবির "সততা ফোয়ারা"। বিশেষ দিনগুলোতেও বন্ধ থাকে এটি। নেই সংস্কারের জন্য কোনো ব্যবস্থা।

৪। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয়তাঃ ইবি কে ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার পর স্মার্ট করার দাবি থাকলেও এখনো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই ইবির কোনো ভেরিফাইড একাউন্ট নেই। গুরুত্বপূর্ণ নোটিশ, বিজ্ঞাপন, প্রচার-সম্প্রচার, প্রতিবেদন, খবরাখবর দ্রুত শিক্ষার্থী, কর্মকর্তা ও অন্যান্য সকলকে জানানো, গুজব রটানো থেকে বিরত থাকা, সঠিক তথ্যসূত্র যুক্ত তথ্য নিশ্চিতের জন্য, বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপ, ঐতিহ্য, প্রাপ্তি, গুণাবলি তুলে ধরার জন্য, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল অর্জন সকলের কাছে একযোগে ছড়িয়ে দেওয়ার জন্যসহ অনেক কারণেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা অবশ্যই জরুরী।

৫। জিমনেসিয়ামঃ ক্লাস চলাকালীন দিন ব্যতীত জিমনেসিয়াম বন্ধ রাখা, অকেজো ও মরিচাযুক্ত ব্যবহারের অনুপযোগী সরঞ্জাম, জিম ট্রেইনার না থাকা, অপর্যাপ্ত জিম সরঞ্জামসহ আরো নানা কারণে জিমনেসিয়াম তার সৌন্দর্য হারিয়েছে। নেই জিম উন্নয়নের জন্য কোনো প্রকার ব্যবস্থা।

৬। পোষ্য কোটায় ভর্তিঃ প্রতি বছর স্নাতক শ্রেণিতে ভর্তির সময় পোষ্য কোটায় অযোগ্য শিক্ষার্থীদের ভর্তি নেওয়া ইবির সকল সমস্যার মধ্যে একটি। যা বিশ্ববিদ্যালয়ের নাম ও মান উভয় খারাপ করার জন্য যথেষ্ঠ।

৭। ভাঙ্গা রাস্তাঃ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় রাস্তা ভাঙ্গা। যা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষত, টিএসসির সামনে থেকে সাদ্দাম হোসেন হলের দিকে যে মোড় নিয়েছে, সেই মোড়ের অংশের রাস্তা ভাঙ্গা যা অন্তন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতিদিন বাস চলাচলের সময় অসুবিধার সম্মুখীন হয়। এছাড়াও অনুষদের ভবনের সামনে, প্যারাডাইজ রোড থেকে দ্বিতীয় ফটক, প্যারাডাইজ রোড থেকে মফিজ লেক সহ আরো বিভিন্ন জায়গায় ভাঙ্গা রাস্তা রয়েছে।

৮। হলের নিম্ন মানের খাবারঃ বিশ্ববিদ্যালয়ের সকল হল গুলোতেই খাবারের মান খুবই খারাপ। যা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব।

৯। ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজঃ ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ নির্মাণাধীন আছে বহুদিন ধরেই। নেই যথেষ্ঠ প্রয়োজনীয় শিক্ষক। সঠিক পরিচালনার অভাবে পড়াশোনার নিম্ন মান সহ নানা কারণে শিক্ষার্থীদের আগ্রহ হারাচ্ছে এই প্রতিষ্ঠান।

১০। কেন্দ্রীয় মসজিদঃ প্রায় দুই যুগের বেশি সময় ধরে চলছে কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ। যা এখনো শেষ হয় নি। মসজিদে নেই পর্যাপ্ত সাউন্ড সিস্টেম। সংস্কারে নেই কোনো উদ্যোগ।

১১। সুপেয় পানিঃ ইবির ফুটবল মাঠের আশেপাশে নেই সুপেয় পানির ব্যবস্থা। শিক্ষার্থীরা খেলাধুলা শেষে ক্লান্ত অবস্থায় পানির সন্ধানে যেতে হয় বহুদূর।

১২। আবর্জনাঃ ক্যাম্পাসে যত্রতত্র ময়লা- আবর্জনা থাকার কারণে ইবির সৌন্দর্য হচ্ছে ক্ষুন্ন। ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষের যথাযথ নেই কোনো উদ্যোগ।

এছাড়াও বিভিন্ন বিভাগে সেশন জট, শিক্ষার্থীরা সম্পূর্ণ আবাসিকতা না পাওয়া, ফি জমাদানে অনলাইন সেবা পুরোপুরি ভাবে চালু না হওয়া, ধীরগতি সম্পন্ন নির্মাণাধীন কাজ, চিকিৎসা কেন্দ্রে যথাযথ সকল রোগের চিকিৎসা ও ঔষধ না থাকাসহ আরো নানা সমস্যায় পরিপূর্ণ ১৭৫ একরের ইবি।

প্রশাসনের বিশেষ সু- দৃষ্টি কামনা করছি যেন, শিক্ষক- শিক্ষার্থীর সকল সুযোগ সুবিধার কথা বিবেচনা করে এবং দেশ এবং বিশ্ব পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মান উঁচু করতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং সকল সমস্যা দূরীকরণে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।