Daily Ittefaq

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে

Dropout Among Students Must Be Prevented

Dropout Among Students Must Be Prevented

বাড়ছে শিক্ষার মান, কমছে না ঝরে পড়া শিক্ষার্থীদের পরিমাণ। বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন পর্যায়ে লাখো লাখো শিক্ষার্থী ঝরে পড়ে এবং পড়ছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার পিছনে বহু কারণ রয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে এ পর্যন্ত সরকারি, বেসরকারি, সামাজিক উন্নয়নমূলক সংগঠন গুলোর নানা ধরণের কার্যক্রম পরিচালিত ও চলমান থাকলেও শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা কমছেই না, বরং দিন দিন ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছেই। একটি পরিসংখ্যান করলে আমরা দেখতে পাই যে, ২০১৪ সালে ইবতেদায়ী সহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী। এবং উক্ত বর্ষের শিক্ষার্থীরাই ২০১৭ এর জেএসসি ও জেডিসি পরীক্ষা মিলে মোট অংশগ্রহণ করেছে প্রায় ২৪ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী এবং ২০২০ এ এসে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ২০ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এবং সবশেষে ২০২২ শিক্ষাবর্ষে এইচএসসি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় প্রায় ১২ লাখে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পর ঝরে পড়েছে প্রায় ৬ লাখের বেশি শিক্ষার্থী, জেএসসির পর প্রায় ৪ লাখ এবং এসএসসির পর প্রায় ৮ লাখ শিক্ষার্থী। শিক্ষার্থীদের এভাবে ঝরে পড়া কারণে শিক্ষাব্যবস্থায় বড় ধরণের প্রভাব পড়ছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণে কমছে শিক্ষার মান, বাড়ছে দারিদ্র্যতা, ঝরে পড়া শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য সামাজিক বোঝা হওয়ার কারণে বাড়ছে বা বাড়বে সামাজিক অস্থিরতা। এছাড়াও দক্ষ জনবলের ঘাটতিও শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণেই বৃদ্ধি পাচ্ছে।

শিক্ষার্থীদের ঝরে পড়ার পিছনে নানা সামাজিক, পারিবারিক ও শিক্ষাগত সমস্যা রয়েছে। সামাজিক ও পারিবারিক সমস্যা গুলোর মধ্যে দারিদ্র্যতা, বাল্য বিবাহ, অশিক্ষিত পিতা-মাতা, ছেলেদের ক্ষেত্রে দ্রুত কাজে যোগদানের জন্য পারিবারিক চাপ, মাদকদ্রব্যের প্রভাব, উদাসীনতা, অনাগ্রহ, ইত্যাদি কারণ রয়েছে। এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার পিছনে অসংখ্য শিক্ষাগত সমস্যা রয়েছে। শিক্ষার নিম্নমান, পাঠ্য বিষয়বস্তু কঠিন হওয়াতে আগ্রহ হারানো, শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক না থাকা, শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত খরচ, শহরের ক্ষেত্রে যত্রতত্র মানহীন ও দক্ষ শিক্ষক ব্যতীত স্কুল-কলেজ স্থাপন, গ্রামের ক্ষেত্রে বাসস্থান থেকে স্কুল-কলেজ দূরে থাকা, ইত্যাদি।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সামাজিক, পারিবারিক, শিক্ষাগত ও সরকারি ভাবে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। দারিদ্র্যতা নিরসনে শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করা, শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিদ্যালয় থেকে প্রদানের ব্যবস্থা করা, বাল্য বিবাহ রোধে আইনি পদক্ষেপ কঠোর করা, অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পাঠ্য বিষয়বস্তু সহজতর করা অথবা ব্যবহারিক শিক্ষা বৃদ্ধি করা, শহরের যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা এবং নতুন স্কুল-কলেজ গুলোতে শিক্ষার মান ঠিক আছে কিনা ও পর্যাপ্ত শিক্ষক আছে কিনা শিক্ষা মন্ত্রণালয়ের এদিকে বিশেষ নজরদারি করা, গ্রামে দুর্গম এলাকাগুলোতে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা, কারিগরি শিক্ষা বৃদ্ধি করা এবং কারিগরি স্কুল-কলেজ গুলোর উন্নয়নে বিশেষ নজরদারি করা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে যেন শিক্ষকদের ভালো ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং তারা যাতে শিক্ষকদের ভয় না পায় সে ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব পালন করা, কোনো শিক্ষার্থী স্কুলে অনিয়মিত হলে শিক্ষকরা তার খোঁজ খবর নেওয়া এবং তার সমস্যা সমাধানে সহযোগিতা করে স্কুলে যাতে নিয়মিত আসে তা নিশ্চিত করা, শিক্ষকদের পাঠ্য বিষয়বস্তু সহজ সাবলিল ভাবে অধ্যয়ন করানো যাতে শিক্ষার্থীদের পড়ার বিষয়ে আগ্রহ বৃদ্ধি পায়, এছাড়াও পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং সরকারিভাবে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা গেলে কমবে সামাজিক সমস্যা, বাড়বে শিক্ষার মান ও শিক্ষিত মানুষের সংখ্যা, বাড়বে দক্ষ জনগোষ্ঠী, কমবে কিশোর অপরাধ, দারিদ্র্যতা ও ভবিষ্যতের সমাজের বোঝার পরিমাণ। তাই শিক্ষার্থীদের ঝরে পড়া সম্পূর্ণ রোধে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে সকল পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার মান উন্নয়ন করা এখন সময়ের অপেক্ষা।