Daily Ittefaq

মানবজীবনে টিকার গুরুত্ব

The Importance of Vaccines in Human Life

The Importance of Vaccines in Human Life

যুগে যুগে মানবজাতির কল্যাণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায়। স্বাস্থ্য সুরক্ষায় সবচেয়ে বড় বিপ্লব বা পরিবর্তন ঘটে টিকা প্রদানের উদ্ভব ঘটার মাধ্যমে। টিকা বা ভ্যাক্সিন হলো মানব শরীরের রোগ প্রতিরোধের একটি অনন্য মাধ্যম। যেকোনো একটি টিকা একটি রোগের বিরুদ্ধেই রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে থাকে। সাধারণত শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করার জন্য নির্দিষ্ট রোগের ভাইরাস বা ব্যাকটেরিয়ার মৃত বা দুর্বল অংশকে শরীরে প্রবেশ করানো হয়। যাতে শরীরে আগে থেকেই এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য অ্যান্টিবডি বা স্মৃতি কোষ তৈরি হয়ে থাকে। এর ফলে টিকা প্রদানের মাধ্যমে নির্দিষ্ট রোগের ভাইরাস/ব্যাকটেরিয়া প্রবেশ করলে আগে থেকে তৈরি হওয়া অ্যান্টিবডি উক্ত ভাইরাস/ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এবং মানুষ সেই নির্দিষ্ট রোগ থেকে দ্রুততম সময়ের মধ্যে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পায়। অনেকক্ষেত্রেই এই অ্যান্টিবডি সারা জীবন নির্দিষ্ট রোগ প্রতিরোধে সক্ষম হয়। তবে বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট রোগ বা রোগের জীবাণু যখন মহামারীতে রূপান্তরিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে এর জীবাণু শনাক্ত করার পর এর অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হোন।

বিভিন্ন কমন ও অতি সম্ভাবনীয় রোগের টিকা শিশু জন্মানোর একটি নির্দিষ্ট সময় পর শিশুদের দেহে সাসপেনশন বা ইঞ্জেকশন আকারে প্রবেশ করানো হয়। এতে তারা সেইসব নির্দিষ্ট রোগ থেকে রক্ষা পায়। বাংলাদেশ সরকার ১০ টি রোগের টিকা বিনামূল্যে প্রদান করে থাকে। তবে অনেক গুরুতর রোগের টিকা এখন অব্দি বিনামূল্যে প্রদান করা উচিত হলেও সরকার সেসব টিকা বিনামূল্যে প্রদানের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয় নি। তন্মধ্যে মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস-এ, মাম্পস, ইত্যাদি অন্যতম।

তবে টিকা নেওয়ার আগে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হতে হবে। তবে অধিকাংশ টিকার ক্ষেত্রেই খুব কম সময়েই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় আর দেখা গেলেও কোনো গুরুত্বপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। সাধারণত সাময়িক জ্বর, মাথা ব্যথা ও লালচে দাগ হয়ে থাকে। টিকার উদ্ভবের মাধ্যমে বৈশ্বিকভাবে মানুষ লাভবান হয়েছে। টিকার মাধ্যমে মানুষ নিজে ও নিজের পরিবার ও আশেপাশের মানুষরা বিভিন্ন রোগ হতে রক্ষা পাচ্ছে। অনেক টিকার কারণেই কিছু মারাত্মক রোগ পুরোপুরি ভাবে নির্মূল হয়েছে। তন্মধ্যে পোলিও, মিজলস অন্যতম। টিকা নেওয়ার মাধ্যমে আমাদের সামাজিক স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছে ও আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছি। কারণ টিকার মাধ্যমে চিকিৎসা ব্যয় হ্রাস পাচ্ছে।

তবে মানুষের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আমাদের আশেপাশের গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায়ও টিকা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবাদি পশুগুলোকে রোগব্যাধি থেকে সুরক্ষায় রাখা ও গবাদি পশুদের থেকে যাতে মানুষের মধ্যে রোগ-জীবাণু না ছড়ায় সেই লক্ষ্যে গবাদি পশু-পাখিদের মধ্যেও টিকা প্রদান করে হয়ে থাকে। কুকুর-বিড়ালের রেবিস ও লিউকেমিয়া ভাইরাস, গবাদি পশুর খুরা রোগ, মুরগির বার্ড ফ্লু সহ আরো নানা ধরণের মারাত্মক রোগের জন্য পশু-পাখিদের টিকা প্রদান করা হয়ে থাকে। পশু পাখিদের টিকা দেওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ, মানুষের সুরক্ষা, পশুপাখির উৎপাদন বৃদ্ধি সহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

তাই টিকা নিয়ে বিভিন্ন প্রচলিত প্রোপাগান্ডা ও অসত্য ও ভিত্তিহীন তথ্যে বিশ্বাস স্থাপন না করে মানুষ ও পশুপাখির স্বাস্থ্য সুরক্ষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টিকা প্রদানের মাধ্যমে নিজেদের পরিবেশ, সমাজ ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখা সম্ভব। বিনামূল্যে প্রয়োজনীয় টিকা প্রদানের ব্যবস্থা আরো গতিশীল ও সুপরিকল্পনার মাধ্যমে করা, প্রকল্পের আওতায় থাকা টিকার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা ও টিকা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে মানুষের স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব।