Daily Karatoa

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

Teaching in Public Universities

Teaching in Public Universities

আমাদের সমাজে পেশার দিক দিয়ে বিবেচনা করতে গেলে সবচেয়ে সম্মানজনক পেশা ধরা হয় শিক্ষকতাকে। তবে এই শিক্ষকতা পেশা, সবচেয়ে সম্মানজনক পেশা হলেও আমরা এই পেশাকেই আবার কয়েকটি অংশে বিভক্ত করে থাকি। প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। তন্মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকতা করে থাকেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজ গুলোতে বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়ে থাকে। কিন্তু প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দক্ষ শিক্ষার্থীরাই পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে থাকেন। সাধারণত প্রথমে লেকচারার হিসেবে যোগ দিয়ে পরবর্তীতে ধীরে ধীরে সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে পদোন্নতি হয় শিক্ষকদের। তবে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক সময় অসাধু নিয়োগকর্তাদের কারণে অনেক অযোগ্যরা নিয়োগ পেয়ে থাকেন। পরবর্তীতে শিক্ষার মানে প্রভাব পড়ে তাদের জন্য।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিলে পরবর্তীতে শিক্ষকদের একাডেমিক দূর্বলতার কারণে বিভিন্ন ধরণের প্রভাব পড়ে শিক্ষার্থীদের উপর। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের কোর্সসমূহ ইংরেজিতে হয়ে থাকে কিন্তু খুব কম সংখ্যক শিক্ষকই ইংরেজিতে পাঠদান করে থাকেন এবং কথা বলে থাকেন। এছাড়াও অনভিজ্ঞতা ও কোর্সের সাথে শিক্ষকদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মিল না থাকায় বিভিন্ন সময় অনেক পড়াই তারা পড়াতে পারেন না, যার দরুণ শিক্ষার্থীদের অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের উপর ভরসা করতে হয়। প্রতিনিয়ত একই নিয়মে পাঠদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে একগুয়েমি ভাব চলে আসে এবং পড়ার প্রতি তৈরি হয় অনীহা। এছাড়াও ঠিক করে ল্যাব না করানো ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সূলভ মনোভাব তৈরিতে ব্যর্থতাও শিক্ষকদের মধ্যে পরিলক্ষিত হয়। বর্তমানের আধুনিক বিশ্বে সকল শিক্ষকদের উচিত অনলাইন সকল শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্মে দক্ষ হওয়া। কিন্তু অধিকাংশ শিক্ষকদের মধ্যে এ বিষয়ে অদক্ষতা দেখা যায়, যার দরুণ ডিজিটাল লার্নিং সিস্টেম থেকে পিছিয়ে পড়ে শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মানের শিক্ষার্জনের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে দক্ষ হওয়ার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরাই বিভাগে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকেন। সেসব পদে দায়িত্ব পালন ও ব্যস্ততার কারণে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিনিয়ত তাদের মান যাচাইয়ের কোনো ব্যবস্থা থাকে না। যার কারণে তাদের অদক্ষতা ও কোনো ব্যাপারে না জানার পরেও নিজেদের আপডেট করা ও শিক্ষা অর্জন করা থেকে দূরে সরে যান অনেক শিক্ষক।

শিক্ষকদের কিছু বড় সমস্যা হলো রাজনীতি করা, ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া ও শিক্ষার্থীদের ফলাফল দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় না রাখা। শিক্ষকদের রাজনীতির একটি বিরাট খারাপ প্রভাব শিক্ষার্থীদের উপর পড়ে থাকে। রাজনৈতিক কোন্দলের কারণে ঠিক করে ক্লাস না নেওয়া, সময়মতো পরীক্ষা না হওয়া, শিক্ষক-শিক্ষকে রেশারেশি, পদ নিয়ে কাড়াকাড়িসহ নানা ধরণের সমস্যা হয়ে থাকে। ব্যক্তিত্ব বিসর্জন বলতে শিক্ষকদের একটি বড় ধরণের খারাপ গুণকে বুঝানো হয়েছে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকসূলভ আচরণ না করে বন্ধুদের মতো আচরণ করা, তুই-তুকারি করা, গায়ে হাত তোলা, মেয়েদের উত্তক্ত করাসহ নানা ধরণের খারাপ ব্যবহার আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পেয়ে থাকি। যা অবশ্যই তাদের ব্যক্তিত্ব বিসর্জনের বা ব্যক্তিত্ব নষ্ট করার মতো একটি বিষয়। শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলে সকলের ক্ষেত্রে সমতা না রাখা একটি কমন বিষয়ই বলা যায়। যেসব শিক্ষার্থীরা শিক্ষকদের অনুকূলে দাসত্ব করে থাকে এমনকি তাদের খারাপ বিষয়গুলোতেও সমর্থন করে থাকে তাদেরকে অতিরিক্ত নাম্বার দেওয়া বা তুলনামূলক ভালো ফলাফল দেওয়া শিক্ষকদের একটি অন্যতম খারাপ একটি দিক, যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি বলতে না পারা জানা বিষয়।

গবেষণা খাতে ফান্ড না থাকা ও ল্যাবে যথাযথ ফ্যাসিলিটি না থাকার কারণে শিক্ষার্থীরা দক্ষ হয়ে শিক্ষা অর্জন করতে পারে না। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি বড় সমস্যাগুলোর একটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি গবেষণাও একটি গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়াও শিক্ষকদের অদক্ষতা ও অনীহার কারণে শিক্ষার্থীরা গবেষণায় ঠিক করে সময় দিতে পারে না, যার কারণে গবেষণার অগ্রগতি বাধাগ্রস্থ হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি সরকারি হওয়াতে শিক্ষকদের মধ্যে অনেক সময় গা ছাড়া ভাব থাকে, এবং অনেক শিক্ষকরাই নিজেদের ব্যক্তিগত বিভিন্ন চাহিদা হাসিলের উদ্দেশ্যে উঠে লেগে পড়েন। আবার অনেক ক্ষেত্রেই স্বল্প বেতনের কারণেও অনেক শিক্ষকদের পাঠদানে অনীহা কাজ করে থাকে। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সুসম্পর্ক বজায় না থাকা ও শিক্ষার্থীদের প্রতি অমনোযোগিতাও শিক্ষাজীবনে নানা প্রভাব ফেলে থাকে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অচিরেই সকল সমস্যা সমাধান করতে হবে। অযোগ্য ও অদক্ষদের শিক্ষকতা বাতিল করতে হবে, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রদান করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সকল দুর্নীতি, বৈষম্য ও সুদ-ঘুষ দিয়ে নিয়োগপ্রথা ভেঙ্গে দিতে হবে। শিক্ষকদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে তাদেরকে কোর্স নিতে হবে। প্রতিনিয়ত একই নিয়মে পাঠদান না করে পাঠদানে ভিন্নতা ও পরিবর্তন, পরিমার্জন ও হালনাগাদ বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের পাঠদান, ল্যাব ও গবেষণায় পারদর্শী করার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের সকল ল্যাব সঠিকভাবে শিখাতে হবে যাতে ভবিষ্যতে তারা এর প্রয়োগ করতে পারে, এ নিয়ে গবেষণা করতে পারে। ল্যাব ফ্যাসিলিটি বৃদ্ধি, উন্নয়ন ও ফান্ড বৃদ্ধিতে সকল ধরণের পদক্ষেপ নিতে হবে এবং ল্যাব ফ্যাসিলিটি ও গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। অনলাইন সকল শিক্ষামূলক প্ল্যাটফর্মে শিক্ষকদের দক্ষ হতে হবে এবং গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে। যেসব শিক্ষকরা পাঠদানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে থাকেন সেগুলোর সময় নির্ধারিত করে দিতে হবে অথবা গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা শিক্ষকদের ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে হবে। শিক্ষকদের রাজনীতি পুরোপুরি ভাবে নিষিদ্ধ করতে হবে। যারা গোপনে রাজনীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষকদের অসদাচরণ, খারাপ ব্যবহার, মেয়েদের উত্তক্ত করাসহ নিয়ম বহির্ভূত সকল খারাপ ও দোষমূলক কাজের ক্ষেত্রে শিক্ষকতা বাতিলের নিয়ম করতে হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নিয়ম করতে হবে। শিক্ষকরা সকল শিক্ষার্থীদের সমানভাবে মূল্যায়ন করছে কিনা এবং সকলকে তাদের প্রাপ্য ফলাফল দিচ্ছে কিনা সেভাবে কঠোর নজরাদারির ব্যবস্থা করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শিক্ষকরা প্রতিনিয়ত নিজেদের আপডেট করছে কিনা এবং শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করছে কিনা, সকল কিছু মনিটর করার ব্যবস্থা করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। শিক্ষকদের প্রয়োজনীয় বিষয় আমলে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের প্রাপ্য বেতন প্রদান ও প্রয়োজনীয় সুবিধাদি বিলম্ব না করে প্রদান করতে হবে এবং এ ব্যাপারে গড়িমসি করা যাবে না। শিক্ষকদের উপর সকল অন্যায়, অবিচার ও অসম্মানজনক সকল কাজের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষকদের সর্বদা সম্মানের সহিত ব্যবহার প্রদর্শণ করতে হবে।

শিক্ষকরা জাতির মেরুদন্ড গড়ার কারিগর। সেই শিক্ষকদের মাঝেই যদি সমস্যা থাকে, এমনকি উচ্চ শিক্ষা পাঠদানের ক্ষেত্রে। তাহলে জাতির জন্য তা অবশ্যই ক্ষতির কারণ হবে। যা পরবর্তীতে প্রভাব ফেলবে পুরো ভবিষ্যত প্রজন্মের উপর এবং বিঘ্নিত হবে শিক্ষার মান ও দেশের উন্নয়ন। তাই শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় গড়ে তোলার জন্য শিক্ষকদের শিক্ষাদানের উপর অধিকাংশ বিষয় নির্ভর করে। তাই এ বিষয়ে আমাদের কড়া নজরদারি করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষক নিয়োগ ও পরিচালনার ব্যাপারে কঠোর হতে হবে। এবং যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় বসিয়ে জাতি ও দেশের উন্নয়নে নিজেদের ঐক্যবদ্ধ রাখতে হবে।