Daily Amader ShomoyReport

ইবিতে ৪৭ বছরে ৪ সমাবর্তন

Only 4 Convocations in 47 Years at IU

Only 4 Convocations in 47 Years at IU

Newspaper clipping of this piece
As printed in Daily Amader Shomoy. Tap the photo to enlarge.

বিশ্ববিদ্যালয় পড়া প্রতিটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে তার পড়াশুনা জীবন শেষ হবে গায়ে কালো গাউন, মাথায় কালো টুপি ও হাতে তার অর্জিত সনদপত্র দিয়ে। তবে নিয়মিত সমাবর্তন না পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের এই স্বপ্ন থাকছে অপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৭ বছরে মোট সমাবর্তন হয়েছে ৪টি। সমাবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিনিয়ত দাবি জানিয়ে আসছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বার বার আশ্বাস দেয়া হলেও বাস্তবতা ভিন্ন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ (চতুর্থ) সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৭ জানুয়ারি। উক্ত সমাবর্তনে ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর এবং বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীরা অংশগ্রহণের সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও সাবেক রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়েছিলেন।

এর আগে ২০০২ সালের ২৮ মার্চ তৃতীয় সমাবর্তন, ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন ও ১৯৯৩ সালের ২৭ এপ্রিল ইবিতে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

সমাবর্তন না হওয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর শেষে প্রভিশনাল সার্টিফিকেট (সাময়িক সনদপত্র) নিয়েই ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। নিয়মিত সমাবর্তন না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা ও স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ অব্দি প্রায় ১০ হাজার ৩২৮ জন শিক্ষার্থী স্নাতক, ২০১৫-১৬ থেকে ২০২০-২১ অব্দি প্রায় ০৮ হাজার ৩৭ জন শিক্ষার্থী স্নাতকোত্তর সম্পন্ন করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শাখা। এছাড়াও বেশ কয়েকটি বর্ষের এমফিল ও পিএইচডি গবেষকরা ডিগ্রি নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সালমান হোসেন বলেন, "সমাবর্তন শিক্ষার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধন দৃঢ় হয়। অনেক এলামনাই আছেন, যারা বর্তমানে দেশ-বিদেশে ভালো অবস্থানে রয়েছেন—কিন্তু আমরা তাদের সম্পর্কে জানি না। যদি সমাবর্তন অনুষ্ঠিত হতো, তাহলে আমরা তাদের সাথে পরিচিত হতে পারতাম, মতবিনিময়ের সুযোগ পেতাম। এতে একদিকে যেমন আমাদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও গভীর হতো, অন্যদিকে এলামনাই নেটওয়ার্কও আরও শক্তিশালী হয়ে উঠতো।"

বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান শিক্ষার্থী মাহমুদা আক্তার মিমি বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে ৪৭ বছরে মাত্র ৪ সমাবর্তন হয়েছে, এই সংখ্যাটি সত্যিই কম। সমাবর্তন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের এক সুন্দর সমাপ্তির অংশও বটে। আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় আর পিছিয়ে না থাকুক এবং আমরা সকলেই যেন বিশ্ববিদ্যালয় জীবন শেষে এই সুন্দর সমাপ্তির অনুষ্ঠানটি পাই, এটিই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার চাওয়া।"

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আরেক সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাজু বলেন, "প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সমাবর্তন হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর পর পর সমাবর্তন হয়। এটি অবশ্যই আমাদের জন্য বেদনাদায়ক। প্রতি বছর না হলেও অন্তত ২ বা ৩ বছর পর পর সমাবর্তন হওয়া উচিত। এতে সিনিয়র-জুনিয়র সবাই মিলে একত্রিত হওয়া যায়। আশা করি খুব দ্রুতই আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে।"

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সমাবর্তন এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে করার পরিকল্পনা ছিল। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষার মতো মহাযজ্ঞ কাঁধে আসায় ব্যস্ততা বাড়ছে। আগামী বছর শেষের দিকে চেষ্টা করবো। এছাড়া বিদেশে স্কলারশিপ বা উচ্চ শিক্ষা নিতে আবেদন করার জন্যও অনেক সময় মূল সার্টিফিকেট লাগে, এক্ষেত্রে আমাদের অর্ডিন্যান্সের প্রতিবন্ধকতা কাটিয়ে তুলতে কিছুটা সংশোধনী দরকার।”