Daily Amader ShomoyReport

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনিরাপদ: সীমানাপ্রাচীর ও প্রহরী সঙ্কট

IU Campus Unsafe: Boundary Wall and Guard Crisis

IU Campus Unsafe: Boundary Wall and Guard Crisis

Newspaper clipping of this piece
As printed in Daily Amader Shomoy. Tap the photo to enlarge.

প্রায় ১৭৫ একর বিস্তৃত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে নিরাপত্তা প্রাচীর ভাঙা, নিচু কিংবা একেবারেই না থাকায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এসব ঝুঁকিপূর্ণ স্থান সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় অবাধ প্রবেশ বাড়ছে স্থানীয় মানুষ ও যানবাহনের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর সংলগ্ন সীমানা প্রাচীর বেশ কয়েকটি স্থানে নিচু ও ভাঙা অবস্থায় রয়েছে। এর ফলে কোনো ধরনের বাধা ছাড়াই স্থানীয়রা ক্যাম্পাসে প্রবেশ করছে। বিশেষ করে লেকের একপাশে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ওই এলাকা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এছাড়া শাহ আজিজুর রহমান পকেট গেট সংলগ্ন নিরাপত্তা প্রাচীর কয়েক মাস আগে ভেঙে পড়লেও এখন পর্যন্ত সেটি সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি প্রশাসন। ভাঙা অবস্থাতেই পড়ে থাকায় এটি নিরাপত্তা হুমকির বড় উৎস হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সংলগ্ন গেট সবসময় খোলা থাকায় সেখানে কার্যত কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। এদিক দিয়ে মানুষ ও যানবাহন নির্বিঘ্নে ক্যাম্পাসে প্রবেশ করছে। প্রশাসন মাঝে মাঝে বাঁশের অস্থায়ী ঘের দিলেও তা টেকসই নয় এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা গেট নিচু হওয়ায় সেখান দিয়ে অনেকে গেট টপকে যাতায়াত করছে, এমন অভিযোগও উঠেছে। এতে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার দিকেও একাধিক স্থানে সীমানা প্রাচীর নেই কিংবা সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রয়েছে, যা আবাসিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে এ ধরনের নিরাপত্তা দুর্বলতা অব্যাহত থাকায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে উদ্বেগ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে টেকসই ও আধুনিক নিরাপত্তা প্রাচীর নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী মো. হাসিব রামিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এভাবে উন্মুক্ত প্রবেশ সত্যিই উদ্বেগজনক। রাতের বেলায় চলাচলের সময় নিরাপত্তাহীনতা বেশি অনুভূত হয়। দ্রুত সীমানা প্রাচীর সংস্কার না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে অবাধে বহিরাগত ও যানবাহন প্রবেশ করায় শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। প্রশাসনের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।”

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহমুদা আক্তার মিমি বলেন, “বিশেষ করে ছাত্রীদের জন্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাঙা বা নিচু প্রাচীর এবং পর্যাপ্ত আলোর অভাব আমাদের চলাচলে ভীতি তৈরি করে। দ্রুত আধুনিক নিরাপত্তা প্রাচীর ও পর্যাপ্ত লাইটিং নিশ্চিত করা জরুরি।”

ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সহকারী কমান্ডার মাহবুবুর রহমান বলেন, “আমরা প্রশাসনকে সর্বদা আনসার সদস্য সংকটের ব্যাপারে অবগত করেছি। আনসার সদস্য সংকটের কারণে অনেকেই ডাবল ডিউটি করে থাকে। তাছাড়াও সীমানা প্রাচীর সংস্কারের কাজ প্রকৌশল অফিসের নিয়ন্ত্রণে।”

প্রক্টর ড. মো. শাহীনুজ্জামান বলেন, “পর্যাপ্ত আনসার সদস্যের অভাবে আমরা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপত্তার আওতায় আনতে পারছি না। প্রায় আরও ১৫ থেকে ২০ জন আনসার সদস্য নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। এ ব্যাপারে সরকার থেকে ব্যবস্থা নেয়া ছাড়া বিকল্প ব্যবস্থা নেই।”

সীমানাপ্রাচীর নিয়ে তিনি বলেন, “স্থানীয়দের প্রভাবের কারণে অনেক জায়গায় সীমানাপ্রাচীর ভেঙে দেয়া হচ্ছে। বাজেটের অর্থের অভাবে সীমানাপ্রাচীর পুনঃনির্মাণ করা যাচ্ছে না। সীমানাপ্রাচীর নির্মাণ করা গেলে অনেকটাই সুবিধা হবে। আমরা সীমানাপ্রাচীর নির্মাণের জন্য বাজেটে আবেদন করেছি। বাজেট পাশ হলে প্রাচীর নির্মাণ সম্ভব হবে।”